মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া থানা ও চুনতি পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের বিপুল সংখ্যক অস্ত্রের বড় একটি অংশ এখনো উদ্ধার না হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সংঘটিত অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানা ও ফাঁড়ি থেকে প্রায় ৩৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়, যার মধ্যে অধিকাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের পিস্তল, শর্টগান, গ্যাসগান, এসএমজি ও রাইফেল। এ পর্যন্ত কয়েকটি অভিযানে মাত্র কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। বিভিন্ন সময়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হলেও অধিকাংশ অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এসব অস্ত্র নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ব্যবহৃত হলে ভোটকেন্দ্রিক সহিংসতা, বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। তারা দ্রুত ও কার্যকর অভিযান জোরদার করে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। অন্যদিকে চট্টগ্রাম-১৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল মাবুদ জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো আশানুরূপ অগ্রগতি নেই।
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন