মোঃ আবুল বাশারঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূমকে বদলি করা হয়েছে। তাঁর দায়িত্বশীলতা, সততা ও কর্মনিষ্ঠা ইতোমধ্যেই তাঁকে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। হঠাৎ বদলির খবরে উপজেলার সর্বত্রই ছড়িয়ে পড়ে মিশ্র অনুভূতি—জনপ্রিয়, কর্তব্যপরায়ণ এক ইউএনওকে হারানোর বেদনা; একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সাফল্যের কামনা।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ভাষ্য—ইউএনও আবদুল কাইয়ূম মানবিক আচরণ, ন্যায়পরায়ণতা এবং ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন। দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কার্যক্রম, বিভিন্ন সেবামূলক উদ্যোগ এবং জনসচেতনতামূলক কর্মসূচিতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছে মঠবাড়িয়াবাসী। তাঁদের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
স্থানীয়দের মতে, একজন সৎ, ধার্মিক ও পরিশ্রমী উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ে মঠবাড়িয়ায় একটি যুগের অবসান হলেও মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া তাঁর সঙ্গেই থাকবে।