পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ছালেহিয়া দাখিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে বেল্লাল মাদবর (২৫) নামের এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত বেল্লাল মাদবর মরিচবুনিয়া গ্রামের শাহ আলম ও তাহমিনা বেগমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়তে মাদ্রাসায় এসে পূর্ব দিকের শ্রেণিকক্ষ ভেতর থেকে চেয়ারের সাহায্যে আটকানো দেখতে পায়। পরে দরজা ধাক্কা দিলে তারা নাইট গার্ড বেল্লালকে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা সেখানে এসে মুখমণ্ডল রক্তাক্ত, হাত মুষ্টিবদ্ধ ও শরীর শক্ত হয়ে থাকা অবস্থায় তাকে মৃত অবস্থায় শনাক্ত করেন।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।