সাকিল আহমেদ।।
খুলনা সদর থানার সামনের ‘স্টার হোটেল’ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয়
তুহিন খুলনার লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা। তিনি এসএম এ খালেকের ছেলে।
ঘটনার বিবরণ
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান,
শনিবার বিকেলে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের চারতলার একটি কক্ষে ওঠেন।
পরে ওই নারী হোটেল ছেড়ে চলে যান। তবে তিনি কখন গেছেন তা হোটেল কর্তৃপক্ষ জানাতে পারেনি।
রোববার দুপুর থেকে কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মীরা সন্ধ্যার দিকে খোঁজ নিতে গেলে দেখেন দরজা ভেতর থেকে আটকানো।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কেএমপি কর্মকর্তা জানান—
“এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
স্বজনদের বক্তব্য
নিহতের স্বজনরা বলেন,
“খবর পেয়ে আমরা এসেছি। কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। এখনই বলা যাচ্ছে না, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।”