পার্বত্য চট্টগ্রামের ন্যায্য অধিকার ও বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থার দাবিতে আগামী ১৩ অক্টোবর ২০২৫, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনব্যাপী সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণ।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের জনগণ বৈষম্য, ভূমি সমস্যা ও প্রশাসনিক অনিয়মের শিকার হয়ে আসছে। এসব অন্যায়ের প্রতিবাদে ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রামের জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।”
প্রধান দাবিসমূহ:
পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলায় পূর্ণাঙ্গ প্রশাসনিক ব্যবস্থা চালু করা।
জমি ক্রয়-বিক্রয়, চাকরি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বৈষম্য দূরীকরণ এবং সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি রেকর্ড ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা।
বাজার ফান্ড লিজের মেয়াদ ৯৯ বছর নির্ধারণ ও বন্ধ ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি।
বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় শিল্প, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য পরিবেশবান্ধব উদ্যোগ ও ইন্ডাস্ট্রি স্থাপন।
আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে তিন জেলায় ২৪৬ টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা।
সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো অপরাধ দমন করে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
নাগরিক পরিষদের নেতারা জানান, এই হরতাল কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং পার্বত্য জনগণের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের দাবিতে শান্তিপূর্ণ গণআন্দোলন।
তারা তিন পার্বত্য জেলার সকল নাগরিক, সংগঠন ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ১৩ অক্টোবরের সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন