সুমন আহমদ খান।।
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় খাবারের মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে ইউসুফ রেস্টুরেন্ট ও শামীম রেস্টুরেন্টকে রান্নাঘরের অপরিচ্ছন্নতা, নিম্নমানের খাবার পরিবেশন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, এক বছর আগে রেস্টুরেন্টগুলোকে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। আজকের অভিযানে তাদের আবারও সতর্ক করা হয়েছে এবং কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মূল্য তালিকা টানিয়ে রাখা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমরা নিয়মিত মাঠে কাজ করছি।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং খাদ্য নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন