বরিশাল-ভোলা মহাসড়কের তালুকদার মার্কেট এলাকার পাশের জঙ্গল থেকে পলিথিনে প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।
আজ ভোরে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—নারীটি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসা প্রতিবেদন ও মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ।
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া নারীর বাড়ি বরিশালের রুপাতলী গ্যাস্টারবাইন এলাকায়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি গতকাল সন্ধ্যায় ভোলার উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে কাজ করছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।
মন্তব্য করুন