আব্দুল আলিম, বিশেষ প্রতিনিধি (পাবনা):
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় মালবাহী ট্রাকচাপায় বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন পথচারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে প্রায় ৮–১০ জন শিক্ষার্থী পাবনার জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন একটি ভ্যানে করে। পথে ঢাকা থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক আকরাম ও দুই শিক্ষার্থী মারা যান। এ সময় পাশের চায়ের দোকানে থাকা দুইজন পথচারী গুরুতর আহত হন।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা–পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,
ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন এবং দুইজন পথচারী আহত হয়েছেন। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, স্কুলগামী শিশুদের এ প্রাণহানি ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন