মোঃশাহ্ আলম।।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গজারীবাগান সংলগ্ন মায়াবি লেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের দিকনির্দেশনায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ব্যান্ডের ৭২২ পিচ পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. আতিয়ার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “উদ্ধারকৃত ফেসওয়াশের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”