মোঃইকবাল হোসাইন।।
ঝালকাঠিতে ১১দল নিয়ে আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ রবিবার বিকেলে ঝালকাঠির সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে জেলেদের এই নৌকা বাইচ শুরু হয়ে পৌর মিনি পার্কে তা শেষ হয়। এ প্রতিযোগিতায় জেলেদের মোট ১১টি নৌকা অংশ নেয়, প্রতিটি নৌকায় ছিলেন ৫জন করে জেলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় শহরের কলাবাগান এলাকার সোবাহান হাওলাদারের দল প্রথম স্হান অর্জন করে। একই এলাকার মাহাবুব সিকদারের দল দ্বিতীয় স্হান অর্জন করেন। দেউরী এলাকার হাফিজুল ইসলামের দল তৃতীয় স্হান অধিকার করে। এরপর বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে অর্থ ও অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, জেলেদের বিনোদনের কথা চিন্তা করেই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সফল হয়েছে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং অংশগ্রহণই গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করে তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, নৌকা বাইচ বাংলার আবহমান ঐতিহ্যের অংশ, একে লালন করা আমাদের দায়িত্ব। ঝালকাঠিবাসী স্বতঃস্ফুর্তভাবে এতে অংশ নিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন