গাজী মাহমুদ পারভেজ।।
গজারিয়ায় দিনের আলোয় ডাকাতি করার দুঃসাহস দেখিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের প্রাণনাশের মতো ভয়াবহ এ ঘটনাকে প্রতিহত করেছেন সাধারণ মানুষ।
ঘটনায় তিনজন ডাকাত হাতেনাতে আটক হলেও আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এতে স্পষ্ট হয়েছে—এলাকায় সক্রিয় রয়েছে শক্তিশালী অপরাধচক্র। জনতার হাতে ধরা পড়া তিন ডাকাত হলো কুমিল্লার দেবিদ্বার উপজেলার জালাল, মুরাদনগরের যাত্রাপুর গ্রামের রফিক এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রবিন।
মার্কেটের ব্যবস্থাপক সুমন প্রধান জানান, প্রতিদিনের মতো নিরাপত্তাকর্মী বিপ্লব সকাল আটটার দিকে গেট খোলার পর সিসিটিভিতে দেখতে পান, কয়েকজন ডাকাত ৩য় তলার একটি মোবাইল শো-রুমের তালা ভাঙছে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হলে কয়েকজন মিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ঘেরাও করা হয়। তিনজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়।
এদিকে আটক ডাকাতরা পুলিশের কাছে স্বীকার করেছে—দীর্ঘদিন ধরেই তারা মার্কেটটির ওপর নজরদারি চালাচ্ছিল। টার্গেট ছিল মোবাইল শো-রুম থেকে কোটি টাকার পণ্য লুট করা। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকালে তারা ডাকাতির চেষ্টা চালায়।
গণপিটুনিতে আহত অবস্থায় আটক ডাকাতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম শুভ বলেন, “তাদের কারো আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আটককৃত তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পালিয়ে যাওয়া সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে।”
এদিকে দিনের আলোয় এমন সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা প্রশাসনের দায়িত্বশীলতাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এলাকাবাসীর অভিযোগ—মার্কেটগুলোতে যথাযথ টহল ও গোয়েন্দা নজরদারি না থাকার কারণেই এমন ঘটনা ঘটছে।
মার্কেট ও জনবহুল এলাকায় রাত-দিন টহল জোরদার করতে হবে। সংঘবদ্ধ অপরাধচক্রের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা হাতে নিতে হবে।
স্থানীয় জনতার সাহসিকতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও এটি প্রশাসনের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। ডাকাতরা যদি দিনের আলোয় এভাবে পরিকল্পিত ডাকাতি করতে পারে, তবে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে।
মন্তব্য করুন