মোঃ তৌহিদুর রহমান।।
উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা ‘মিনি ম্যারাথন-২০২৫’। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় নারী ও পুরুষ—দুটি আলাদা বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা এ ম্যারাথনে অংশ নেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চায় উৎসাহিত করা এবং তারুণ্যের শক্তি উদযাপনের লক্ষ্যেই রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার শ্রীপুরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দূরপাল্লার এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী নারী ও পুরুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দৌড় দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন নানা শ্রেণি-পেশার দর্শক।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
মন্তব্য করুন