আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গজারিয়ায় বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আ. ক. ম. মোজাম্মেল হকের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
এর আগে দুপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আ. ক. ম. মোজাম্মেল হক। এসময় তার সঙ্গে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানের সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দেন।
দলীয় কর্মসূচি শেষে বিকেলে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে বিএনপি নেতা আ. ক. ম. মোজাম্মেল হক এর নিজ বাড়িতে ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, “আমি রাজনীতি করি জনগণের জন্য, স্বার্থের জন্য নয়। গজারিয়ার প্রতিটি মানুষ আমার প্রেরণা ও শক্তি। আমি জনগণের ভালোবাসা এবং দলের নেতৃত্বের আস্থার ওপর ভর করে দৃঢ়ভাবে বলতে পারি—মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ, গজারিয়ার মানুষ বিএনপিকে জয়ী করবে এবং গণতন্ত্রের পতাকা আবারও উড়বে।”
তিনি আরও বলেন, “আজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, গণতন্ত্র বন্দী, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির প্রতিটি কর্মীই একেকজন সংগ্রামী সৈনিক। আমি তাদের সঙ্গে আছি, মাঠে আছি এবং থাকব, যতদিন না দেশে গণতন্ত্র ও জনগণের সরকার ফিরে আসে।”
সভায় বক্তারা বলেন, আ. ক. ম. মোজাম্মেল হক শুধু দলের একজন ত্যাগী নেতা নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি সংকটের মুহূর্তে সবসময় কর্মীদের পাশে থেকেছেন। তার নেতৃত্বে গজারিয়ার বিএনপি সংগঠিত ও প্রাণবন্ত হচ্ছে।
এসময় নেতারা ঐক্যের বার্তা দিয়ে বলে, “গজারিয়ায় বিএনপির বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।”
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।