মাহফুজুর রহমান বিপ্লব।।
টাঙ্গাইলে ২২ বছর বয়সী এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জন কে আটক করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। শনিবার ২৬/৭/২০২৫ সকালে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার দুলাল চন্দ্র (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ২৫/৭/২০২৫ রাতে ওই যুবতী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উদ্দেশ্যে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে চট্টগ্রাম গামী ট্রেনে না উঠে ভুল করে তিনি উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে পড়েন এবং ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর অন্য যাত্রীদের কাছে টাঙ্গাইল জানতে পেরে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন।
স্টেশনে নেমে তিনি জিআরপি পুলিশকে বিষয়টি জানান। জিআরপি পুলিশের এক সদস্য তাকে এক সিএনজি চালককে ঢাকায় যাওয়ার ট্রেনে উঠিয়ে দিতে বলেন, গ্রেপ্তারকৃতরা তাকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পেছনে একটি কাঠবাগানে নিয়ে যায়। সেখানে দুলাল চন্দ্র তাকে ধর্ষণ করে। এরপর স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়া এলাকার রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু মিয়া ও সজিব খান তাকে ধর্ষণ করে। রাত আড়াইটায় তাকে আবারও ধর্ষণ করে রেল স্টেশনে ফেলে রেখে যায়।
ভোরের দিকে ওই যুবতী রেলস্টেশনে রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি জানান। রেল পুলিশ সদর মডেল থানাকে অবহিত করলে, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি জনাব তানভীর আহমেদ জানিয়েছেন, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন