রাজবাড়ীর পাংশায় প্রেম করে পালিয়ে বিয়ে করা এক তরুণের জীবনে নেমে এসেছে চরম দুঃখজনক পরিণতি। বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন রিদয় (২২)। অভিমানে তিনি ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর রিদয় ও সামিয়া পালিয়ে বিয়ে করেন। পরে মেয়ের পরিবার মেনে নেওয়ার আশ্বাস দিয়ে জামাইকে বাড়িতে ডাকে। কিন্তু কৌশলে রিদয়ের সামনেই সামিয়াকে নিয়ে যায় তারা। এরপর অন্যত্র মেয়ের বিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রিদয় ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত কণ্ঠে নিজের কষ্টের কথা জানান। একপর্যায়ে সকলের সামনে বিষপান করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রিদয়ের মা জানান, “আমরা ছেলের বউকে আপন করে নিয়েছিলাম। মেয়ের পরিবারও রাজি হওয়ার কথা দিয়েছিল। কিন্তু পরে কৌশলে মেয়ে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। সেই কষ্টে আমার ছেলে বিষ খেয়েছে।
এদিকে মেয়ের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।