চট্টগ্রামে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াতে ইসলামী কর্মী আকাশ চৌধুরী ওরফে সিবগাতুল্লাহ অবশেষে কোতোয়ালী থানায় আত্মসমর্পণ করেছেন বলে দাবি করলেও পুলিশ বলছে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ জুন) বিকেল তিনটার দিকে আকাশ নিজেই থানায় উপস্থিত হয়ে ওসির কক্ষে বসেন এবং নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মসমর্পণের ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি চোর না, ডাকাত না, আমাকে খুঁজতে হবে কেন? আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি।”
তবে পুলিশ জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করার পর লালদীঘি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত বিচার আইনে আদালতে পাঠানো হয়।
নারী লাঞ্ছনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর প্রশাসনের চাপ বাড়তে থাকলে জামায়াত আকাশকে বহিষ্কার করে এবং পুলিশের সঙ্গে সমঝোতায় তার আত্মসমর্পণের সিদ্ধান্ত হয়।
মন্তব্য করুন