গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তারের মর্মান্তিক মৃত্যুর পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা। এসময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের শান্ত করতে উপজেলা প্রশাসন, কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো. আশরাফুল আলম, কলেজ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন, ১. দোষী চালককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ২. দুর্ঘটনাকবলিত বাস ও সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিকে আইনের আওতায় আনা। ৩. গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ। ৪. শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার ও ট্রাফিক সিগন্যাল স্থাপন। ৫. দীর্ঘমেয়াদে মহাসড়ক সংলগ্ন সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ৬. নিহত শিক্ষার্থীর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।
এ সময় ইউএনও মো. আশরাফুল আলম শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, প্রশাসন তাদের দাবিগুলো আন্তরিকভাবে বিবেচনা করছে। ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, “সকাল পৌনে ৮টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শিক্ষার্থীদের অবরোধের মুখে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সভায় অভিভাবক ও স্থানীয়রা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রতিশ্রুতিতে নয়—বাস্তব পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অবশেষে প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে আশ্বাস বাস্তবায়িত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দ্রুতগতির স্টার লাইন পরিবহনের বাসের চাপায় গুরুতর আহত হয় অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী আক্তার (১৪)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রাবন্তী উপজেলার চর বাউশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মর্মান্তিক এ ঘটনায় মতবিনিময় সভায় উপস্থিত সবাই একমত হয়ে বলেন, শ্রাবন্তীর মৃত্যু যেন আর কোনো পরিবারের বেদনার কারণ না হয়—এটি নিশ্চিত করা এখন সবার দায়িত্ব।