সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজদিখান উপজেলার মোর এলাকায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। তিনি বলেন, প্রশাসনের অনুরোধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সম্মান জানিয়ে আপাতত তার গ্রামের বাড়ি ঘেরাও কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে, বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করা হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য বিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ এবং জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব রাসেল হাসান।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।