মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২৭ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া গ্রামের মৃত শেখ শামুদ্দিনের ছেলে শেখ আনোয়ার (৫৮),ঘিওর উপজেলার দক্ষিণ তারা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে সবুজ হোসেন (২২),সদর উপজেলার গড়পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিহাব হোসেন (৩০), সদর উপজেলার পশ্চিম দাশড়া গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে আসিফ হোসেন (২৬),সদর উপজেলার বাইচাইল গ্রামের মো. সাইদুরের ছেলে মাহিদ হোসেন (২৬),এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমীর ইসলামের ছেলে সিফাত বিন আবু আমীর (২০), তিনি বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় বসবাস করছেন।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকার বেতিলা চৌরাস্তা মোড় সংলগ্ন দেওয়ান মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। অভিযানে শেখ আনোয়ারের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং সবুজ হোসেন ও সিহাব হোসেনের কাছ থেকে ১৫টি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। এছাড়া মাহিদ হোসেন, আসিফ হোসেন ও সিফাত বিন আবু আমীর মাদক বিক্রিতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
ডিবির (ওসি)মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,
“মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
মন্তব্য করুন