এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঠাকুরের চক গ্রামের বিলে নিষিদ্ধ চায়না জাল দিয়ে নির্বিচারে মাছ ধরার অভিযোগ উঠেছে।
স্থানীয় তথ্য সূত্রে জানা যায়,ওই গ্রামের বিনোদ মন্ডলের ছেলে নরেশ মন্ডল নিয়ম অমান্য করে প্রতিনিয়ত এই নিষিদ্ধ জাল ব্যবহার করছেন। ফলে এলাকার খাল-বিল ও নদীতে ছোট-বড় সব ধরনের মাছ ধ্বংস হচ্ছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে কয়রা সাংবাদিক ফোরামের কাছে গ্রামবাসীরা জানান, চায়না জাল দিয়ে মাছ ধরার ফলে বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে পোনা মাছ ও ডিমওয়ালা মা মাছ ধরা পড়ে যার ফলে মাছের প্রজনন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ভবিষ্যতে এলাকার জলাশয়গুলো মাছশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার নরেশ মন্ডলকে এ কাজ থেকে বিরত থাকতে বলা হলেও তিনি কোনো কথা শোনেননি। প্রতিদিনই নির্বিঘ্নে নিষিদ্ধ জাল ব্যবহার করে যাচ্ছেন তিনি।
স্থানীয়রা বিষয়টি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন