মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুল করিম, সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক হোসনে আরা, প্রভাষক মাওলানা ছাইদুর রহমান, প্রভাষক সওদা খাতুন, প্রভাষক হাসিবুল হাসান ও প্রভাষক মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “সুশিক্ষিত মানুষই জাতির প্রকৃত সম্পদ। আমাদের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তাদের শিক্ষাদান করব।”
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে যত্নবান হতে হবে। তাহলেই তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা, করতালি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
মন্তব্য করুন