নারায়ণগঞ্জের এক গৃহবধূ মুক্তা বেগম প্রেমের টানে ঢাকা থেকে ছুটে আসেন ফরিদপুরের বোয়ালমারীতে। কিন্তু শেষমেশ প্রেমিকের প্রতারণার ফাঁদে পড়ে পড়লেন চরম বিপাকে। প্রেমিক নয়ন তাকে চৌরাস্তায় মিষ্টির দোকানে বসিয়ে রেখে উধাও হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, নয়ন নামে এক যুবক, যার বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে বলে দাবি করেন, দীর্ঘদিন যাবত মুক্তা বেগমের সঙ্গে পরকীয়ার সম্পর্ক চালিয়ে আসছিল। নয়ন নিজেকে সাভার ক্যান্টনমেন্টে কর্মরত একজন সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে মুক্তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে।
গত ৮ জুলাই ২০২৫ তারিখে নয়ন ঢাকার সাভার এলাকা থেকে মুক্তা বেগমকে নিয়ে বোয়ালমারীতে আসে। রাত আনুমানিক ১০টার দিকে নয়ন মুক্তাকে নিজের বাড়িতে না নিয়ে তার বোনের বাসায় রেখে আসে রাতযাপন করতে।
এরপর ৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে নয়ন মুক্তাকে নিয়ে বোয়ালমারী চৌরাস্তায় একটি মিষ্টির দোকানে যায়। সেখানেই তাকে কিছুক্ষণ বসে থাকতে বলে নয়ন কোথায় যেন উধাও হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পরও নয়নের খোঁজ না মেলায় মুক্তা বেগম দিশেহারা হয়ে পড়েন।
ভুক্তভোগী মুক্তা বেগম জানান, নয়নের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার কাছে নয়নের পরিচয় নিশ্চিত করার মতো কোনো লিখিত প্রমাণ বা স্থায়ী ঠিকানা নেই। তিনি পুরোপুরি বিশ্বাস করে তার সঙ্গে বোয়ালমারী এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এমন প্রতারণার ঘটনা দুঃখজনক এবং এ বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত।
এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
মন্তব্য করুন