জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পরীক্ষায় নকলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রথম ও তৃতীয় বর্ষের ১৭২ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ১ থেকে ৪ বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিগ্রি তৃতীয় বর্ষের ৮২ জন ও প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার, অনুমোদনহীন কাগজপত্র বহন, ভুয়া পরিচয় উপস্থাপনসহ নানা ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অপরাধের মাত্রা অনুযায়ী কারও বিরুদ্ধে এক বছরের, আবার কারও বিরুদ্ধে তিন থেকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী, কেউ চায়লে শাস্তির বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষায় নকল ও অনিয়মের প্রবণতা বাড়তে থাকায় কর্তৃপক্ষ পরীক্ষায় নজরদারি জোরদার করেছে এবং নিয়মিতভাবে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। শিক্ষা সংশ্লিষ্ট মহল বিশ্ববিদ্যালয়ের এ ধরনের পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন।
মন্তব্য করুন