সাকিল আহমেদ।।
০৬ অক্টোবর ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০৬-১০-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ০১টি ৭.৬ মি.মি. পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড তাজা গুলি এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটককৃত রিপন খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতকল্পে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।