গাইবান্ধা প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান হাবিব
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজারে অবস্থিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
৮ নভেম্বর (শনিবার) বিকেলে জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযান পরিচালনা করে এ সেন্টারটি সিলগালা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শহীনুর ইসলাম মন্ডল।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রকার প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও সিজার চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান কালে দায়িত্বে নিয়োজিত কোনো ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান বা কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির বৈধ ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, ল্যাবরেটরি টেকনিশিয়ানের সনদসহ প্রয়োজনীয় কোন অনুমোদন নেই মর্মে প্রতীয়মান হওয়ায় সিলগলা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীনুর ইসলাম মন্ডল বলেন,“অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান মানুষের জীবনের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। সরকারি কোনো অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল, সেটি আইনের আওতায় এনে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, অনুমোদন ও দক্ষ জনবল ছাড়া ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করলে ভুল রিপোর্টের কারণে রোগীরা ভুল চিকিৎসার শিকার হতে পারে, যা জীবনহানির ঝুঁকি বাড়ায়। তাই এ ধরণের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান তারা।
এদিকে, সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি বিভিন্ন উপজেলায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ল্যাব চিহ্নিত করে জেলায় জেলায় অব্যাহত অভিযান পরিচালনা করে আসছে।