নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে ত্রিশ বছর আগে নির্মিত ভবানীপুর-চাঁদপুরাসহ চার ইউনিয়নের সংযোগস্থল আয়রন ব্রীজটির বেহাল দশা। এ অবস্থায় স্থানীয় লোকজন রয়েছেন চরম ভোগান্তিতে। দুই যুগ পেরিয়ে গেলেও জরাজীর্ণ ব্রীজটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পার হচ্ছেন। স্থানীয়রা জানান, নাচনমহল ইউনিয়নের ভবানীপুর এবং চাঁদপুরা গ্রামের খোকন হাওলাদারের বাড়ি সংলগ্ন খালের উপর ত্রিশ বছর আগে আয়রন ব্রীজটি নির্মাণ করা হয়। নির্মাণের বেশ কয়েকবছর পর বন্যার পানির চাপে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ব্রীজের ওপর দুই পাশে সিমেন্টের তৈরি পাটাতন ধসে পড়ে ও লোহার খুটিগুলো প্রায় বাঁকা হয়ে যায়। সিমেন্টের পাটাতনের স্থানে কাঠের পাটাতন দিয়ে চলাচল করতে হচ্ছে সেগুলোও বাঁকা হয়ে ফাঁকা হয়ে আছে। বর্তমানে স্থানটি মরণফাঁদ বলে জনশ্রæতি রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে ব্রীজটি ধসে প্রাণহানিসহ বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে, বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় বিপদ আরও বেশি স্থানীয়দের। বড় ধরনের ঝুঁকি আছে জেনেও উপায় না পেয়ে স্থানীয় কোমলমতি শিশু শিক্ষার্থীসহ সব বয়সী লোকজন বাধ্য হয়ে ব্রিজটি ব্যবহার করছেন। ব্রীজের চাঁদপুরা অংশে অবস্থিত চাঁদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানিপুর অংশে ভবানিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জামে মসজিদ, সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির এবং ঐতিহবাহী ভবানিপুর বাজার। চাঁদপুরা গ্রামের বাসিন্দা রাকিব হাসান বাবু বলেন, ভাঙা ব্রিজটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা (চেয়ারম্যান) তেমন কোনো তৎপরতা নেই। দুই পাশের নড়বড়ে রেলিং ধরে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পারাপার হতে হয়। কখন যেন ভাঙ্গা সিমেন্টের পাটাতনের মধ্যে পা আটকে যায়। ভবানিপুর গ্রামের সজিব হাওলাদার জানান, ব্রীজটিতে মানুষ উঠলে কখনো ডানে অথবা কখনো বামে কাঁত হয়ে যায়। ব্রীজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যথা নেই। ১০/১৫ বছর ধরে শুনছি ব্রীজটি মেরামত করা হবে। কিন্তু কবে তা শুরু হবে, কেউ বলতে পারে না।
স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. রুবেল মোল্লা বলেন, ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজটি সংস্কার না হওয়ায় জেলা শহরসহ ৪ ইউনিয়নের মানুষের ভোগান্তিতে আছে। জনগনের স্বার্থে ব্রীজটির সংস্কার জরুরি।
ইউপি সদস্য মো. নান্না মিয়া হাওলাদার জানান, বন্যায় যখন ব্রীজটি ক্ষতিগ্রস্ত হয় তার কিছুদিন পরে আমি ও এলাকাবাসী টাকা তুলে কিছুটা মেরামত করি। সেটাও বেশিদিন টেকেনি। মারাত্মক ঝুকি নিয়ে এ ব্রীজ দিয়ে মানুষ চলাচল করে।
এবিষয় চাঁদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, আমাদের স্কুলের সাথেই ব্রীজটি প্রায় ১৫ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। যার ফলে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। শিশু শিক্ষার্থীরা তাদের অভিভাবক ছাড়া ব্রীজটি পার হতেই পারে না। বৃষ্টির দিনে অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে এই ব্রীজের কারণে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রæত ব্রীজটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেন।
নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম খোকন বলেন, ভবানিপুর-চাঁদপুরা গ্রামের সংযোগস্থলে নির্মিত ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্রিজটি দিয়ে নলছিটি উপজেলার ৪টি ইউনিয়নসহ জেলা শহরের সাথে যোগাযোগ খুবই সহজ কিন্তুু এটা চলাচলের অনুপযোগী হয়ে আছে। উপজেলা ইঞ্জিনিয়ার ভিজিট করে গেছেন। আমরা আশা করি কর্তৃপক্ষ অচিরেই এ সমস্যার সমাধান করবেন।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: ইকবাল কবীর বলেন, ব্রিজটির অবস্থা বেহাল, সেটা আমরা জানি। সরেজমিনে পরিদর্শন করেছি। সংস্কারের জন্য প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন