চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও মহল্লায় দিনের পর দিন প্রকাশ্যে একদল কিশোর-কিশোরী ‘ঘাম’ নামের ভয়ংকর নেশা সেবন করছে। পথচারী, স্থানীয় বাসিন্দা, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই এমন ঘটনা ঘটলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।
স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রকাশ্যে নেশায় ডুবে থাকা কিশোররা একদিকে নিজেদের জীবন ধ্বংস করছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্যও হুমকি হয়ে উঠছে। অনেক সময় দেখা যায়, নেশার ঘোরে তারা রাস্তাঘাটে অচেতন হয়ে পড়ে থাকে, যা শুধু জনসাধারণকেই ভোগান্তিতে ফেলছে না, বরং দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। অভিভাবকদের আশঙ্কা, তাদের সন্তানরাও এ অন্ধকার পথের দিকে টেনে নেওয়া হতে পারে।
একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “আমরা প্রতিদিন দেখি কিশোররা প্রকাশ্যে নেশা করছে, অথচ প্রশাসন নীরব দর্শকের মতো তাকিয়ে থাকে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ভয়াবহ সংকট তৈরি হবে।” সমাজবিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, এভাবে কিশোরদের নেশার কবলে ছেড়ে দিলে তারা শিক্ষা থেকে ঝরে পড়বে, কর্মসংস্থানে পিছিয়ে পড়বে এবং শেষ পর্যন্ত অপরাধের দিকে ধাবিত হবে। এতে সামগ্রিকভাবে সমাজে অস্থিরতা তৈরি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।
সচেতন মহলের মতে, শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। প্রয়োজন কিশোরদের জন্য বিশেষ পুনর্বাসন কার্যক্রম, কাউন্সেলিং এবং পরিবারভিত্তিক সচেতনতা কর্মসূচি। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং প্রশাসনের উদাসীনতার সুযোগে নেশায় আসক্ত কিশোররা আরো বেপরোয়া হয়ে উঠছে।
চট্টগ্রামবাসীর একটাই দাবি—প্রশাসন যেন দ্রুত কার্যকর উদ্যোগ নেয়। আইন প্রয়োগের পাশাপাশি পুনর্বাসন এবং সচেতনতা কার্যক্রম শুরু না করলে অচিরেই এই কিশোররা সমাজের জন্য ভয়ংকর পরিণতির কারণ হয়ে দাঁড়াবে।