মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে উপজেলা কৃষক দল। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের আরোগ্য কামনাতেও বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী ঈদগাহ গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু।
দোয়া মাহফিলে প্রধান অতিথি সিরাজুল ইসলাম পিন্টু বলেন,“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে আবারও দৃঢ়ভাবে দাঁড়ান। কৃষক দল সবসময় গণমানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান বলেন,“কৃষক সমাজ আজ নানা সমস্যায় জর্জরিত। আমরা বিশ্বাস করি সুস্থ ও শক্তিশালী নেতৃত্বই কৃষকবান্ধব বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে। নেত্রী ও রতন ভাইয়ের সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে।”
সঞ্চালক তোফাজ্জল হোসেন সরকার বলেন,
“আজকের এ দোয়া মাহফিল শুধু রাজনৈতিক নয়; এটি মানবিক দায়িত্ববোধের প্রকাশ। অসুস্থ মানুষের জন্য দোয়া করা সবার কর্তব্য।”
এছাড়া স্থানীয় কৃষক নেতা আব্দুল মান্নান বলেন,
“গ্রামের কৃষকরা সবসময় বিএনপির নেতৃত্বকে ভালোবাসে। আমরা চাই নেত্রী সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান।”
দোয়া মাহফিল শেষে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকগণ মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অসুস্থ সকল মানুষের সুস্থতা কামনা করা হয়।