মোঃ নাছির উদ্দীন।।
কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে দুধে ক্ষতিকর পদার্থ মিশিয়ে বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শয়ন ঘোষ, সজীব ঘোষ ও জয়দেব ঘোষ দুধে জেলি, পানি ও তেলসহ বিভিন্ন ভেজাল উপাদান মিশিয়ে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুধের নমুনা পরীক্ষায় ভেজালের প্রমাণ মেলে।
খাদ্য নিরাপত্তা আইন ২০১৩-এর ধারা অনুযায়ী তিনজনকে সমান হারে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভেজাল দুধ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, “দুধে ভেজাল মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করা গুরুতর অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এ অভিযানে প্রশাসনের ভূমিকাকে স্বাগত জানিয়েছে এবং ভেজাল দমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে।
মন্তব্য করুন