সোমবার (২৫ আগস্ট) দুপুর ২:৩০ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু)র দাবিতে ছাত্রদের একটি প্রতিনিধিদল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে 'মার্চ ফর ইকসু' স্লোগান নিয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে যান।
এসময় ছাত্রদের পক্ষ থেকে ইকসু বাস্তবায়ন ও ইকসু'র রোড ম্যাপ প্রদানের কথা বললে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন: ইকসু অবধারিত, আমিও ইকসু চাই, এটা ছাত্রদের অধিকার, এই অধিকার অবশ্যই পূরণ করবো।
তবে এক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বাস্তবায়ন করাটা সহজ। কারণ তাদের গঠনতন্ত্রে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা উল্লেখ রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রে যেহেতু ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি উল্লেখ নেই, সেহেতু একটি গঠনতন্ত্র তৈরী করে তা ইউজিসি'র নিকট পাঠাতে হবে। সেখান থেকে তা আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয় থেকে তা পাস হয়ে গেলে ইকসু বাস্তবায়নে আর কোন বাঁধা থাকবে না।
ইকসুর গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিনি শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবেন বলেছেন। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নীতিমালাগুলো সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট জমা দেবে এবং এরই আলোকে ইকসুর কাজ এগিয়ে যাবে।
ইকসুর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন: আগামী ১৫ নভেম্বরের মধ্যে ইকসু বাস্তবায়ন করতে পারবো বলে আমি আশাবাদী।
উক্ত সভাকক্ষে উপাচার্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাবেক সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহমদ, ইকসু গঠন আন্দোলনের বোরহান উদ্দিন, রাকিবুল ইসলাম, সাজ্জাতুল্লাহ শেখ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতৃবৃন্দ।
মন্তব্য করুন