আন্তর্জাতিক গবেষণায় গৌরবময় অর্জন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। বিশ্বখ্যাত নেচার ইনডেক্স ২০১৫ (Nature Index) এ প্রকাশিত তালিকায় বাংলাদেশের সেরা ১০টি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ম স্থান অর্জন করেছে নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পুরোনো নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উচ্চমানের গবেষণাপত্র প্রকাশের ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়। এই তালিকায় আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটি-এর মতো প্রতিষ্ঠানের পাশে জাবিপ্রবির নাম উঠে আসা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক।
এ বিষয়ে জাবিপ্রবির গবেষণা সেলের পরিচালক মাহমুদুল হাছান বলেন,
"অসংখ্য গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আমরা ১০ম হয়েছি—এটি অত্যন্ত আনন্দের। আমরা যদি গবেষণায় আরও সুযোগ-সুবিধা পাই, তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দেওয়া সম্ভব হবে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন,
"আমাদের গবেষণার পরিসর এখনো সীমিত। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীরা যে মানসম্পন্ন গবেষণা করেছে, তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই অর্জন আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।"
এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উচ্ছ্বসিত। তাদের মতে, আন্তর্জাতিক গবেষণায় এ স্বীকৃতি আগামী প্রজন্মকে আরও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করবে এবং উচ্চতর গবেষণায় মনোনিবেশে অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন