লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তিস্তা ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে ৬১ (বিজিবি) এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, আলু, লবণ, তৈল, ছাড়াও শুঁকনো খাবার চিড়া বিতরণ করা হয়।
সে সময় অসহায় বিপর্যস্ত পরিবারের লোকদের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও শারীরিক কুশলাদি বিনিময় করেন, ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লেঃকর্নেল মোহাম্মদ মুজাহিদ মাসুম পিএসসি।
তিনি বলেন, গত দু'দিন টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছিল, এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, ফসলি জমি তলিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবার গুলোর মাঝে কিছু শুকনো খাবার এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পক্ষ থেকে ভবিষ্যতেও বানভাসি, গরিব, অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন