সুমন আহমদ খান।।
সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্নসহ সাত দফা দাবিতে টানা তিন দিন ধরে অনশন করছেন সিলেটের এক তরুণ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন শুরু করেন জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজন। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্তও তার অনশন চলছিল।
সুজনের দাবিগুলোর মধ্যে রয়েছে
সিলেটের জন্য বিশেষ বাজেট ঘোষণা,
সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত সম্পন্ন,
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি,
সিলেট থেকে ফ্লাইটের টিকিট মূল্য কমানো,
সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন নির্মাণ ও নতুন ট্রেন চালু,
সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন,
সিলেটের পর্যটন খাত উন্নয়নে বিশেষ বাজেট ঘোষণা।
শনিবার বিকেলে তার অনশনে সংহতি জানিয়ে নগরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং রেভিটা বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। পরে তারা শহীদ মিনার এলাকায় এসে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দেন।
শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতে সামিয়ানা টানিয়ে বসে আছেন আব্দুল্লাহ মামুন সুজন। পাশে রাখা প্ল্যাকার্ডে লেখা রয়েছে তার দাবিসমূহ।
অনশন প্রসঙ্গে সুজন বলেন,
সিলেটের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। সড়ক ও রেলপথের বেহাল দশায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেটের প্রবাসী ও প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, উন্নয়ন বঞ্চিত রাখা হচ্ছে এই অঞ্চলকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।
শনিবার দুপুরে তার সঙ্গে সংহতি জানাতে আসেন লোকসঙ্গীত শিল্পী জহির অচিনপুরী। তিনি বলেন,
একসময় সিলেটের নেতারা জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিতেন। এখন সেই মাপের নেতার অভাব স্পষ্ট, যার প্রভাব পড়েছে উন্নয়নে। দীর্ঘদিন ধরে সিলেট বৈষম্যের শিকার।
সংগঠনের নেতারা জানান,
সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। প্রশাসনের নির্বিকার ভূমিকা আর মেনে নেওয়া যায় না।
চলমান এই অনশন ঘিরে নগরে আলোচনার ঝড় উঠেছে। অনেক নাগরিকই সুজনের দাবিগুলোকে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন।