আরিপ রিপন।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসা সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে হাসিবুর রহমান (৩১) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের বাসিন্দা। তিনি সামছুল হকের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লতাবর গ্রামে একটি চেম্বার খুলে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন হাসিবুর রহমান। তার ভুয়া চিকিৎসায় বহু রোগী প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা যৌথভাবে অভিযান চালান। এসময় হাসিবুর রহমান তার চিকিৎসা ডিগ্রির বৈধ কোনো সনদ বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এছাড়াও তার চেম্বার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
অবৈধ চিকিৎসা ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসিবুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইউএনও’র বক্তব্য
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন,
“জনগণের স্বাস্থ্য নিয়ে প্রতারণা ও ভুয়া চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার ফলে সাধারণ মানুষ ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছেন। এ ধরনের ভুয়া চিকিৎসক কোনোভাবেই ছাড় পাবেন না। জনগণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
গ্রামবাসীরা জানান, হাসিবুর রহমান বহুদিন ধরে চিকিৎসক সেজে চেম্বার চালাচ্ছিলেন। গ্রামের অসচেতন মানুষ তার ভুয়া চিকিৎসায় বিভিন্ন সমস্যায় পড়েন। তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি করেছেন।
মন্তব্য করুন