আবদুর রহিম ইসলাম রনি।।
‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা ও সাম্যতার মানবিক দর্শন বিষয়ক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, মুখ্য সমন্বয়ক শ্রাবণ, জুলাই যোদ্ধার সমন্বয়ক নাহিদ হাসান নয়ন, মফিজুল, রুদ্র, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিজানুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান, বিএনপির সাবেক সভাপতি কাজি গোলাম মোস্তফা, এনসিপি উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, গণ অধিকার পরিষদের সহ-সভাপতি সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।
বক্তারা বলেন, “সমাজে নিরাপত্তা, সাম্যতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী ও শিশুর সুরক্ষা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়ও।”
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে লাখো কণ্ঠে শপথ পাঠ করানো হয়। অংশগ্রহণকারীরা ঘোষণা করেন—
“আমি প্রতিজ্ঞা করছি, ন্যায়-অন্যায় পার্থক্য বুঝে সমাজ গঠনে নিজেকে নিবেদন করব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.এস খোকন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী সদস্যরা ও জুলাই আহত শিক্ষার্থীরা।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক ও প্রেরণামূলক সংগীত।
অনুষ্ঠানটি সাম্য ও মানবিক সমাজ গঠনের প্রয়াসে এক নতুন বার্তা পৌঁছে দেয় সকলের মাঝে।
মন্তব্য করুন