গজারিয়ায় আলোচিত মাদক সম্রাট ও ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আল হাসনাত এলাহি সিফাত (২৬) কে বিশেষ অভিযানে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। সিফাত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের সময় গজারিয়া থানার এসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেফতার করে। সে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ছিল।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, "আল হাসনাত এলাহি সিফাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আজকের অভিযানে তাকে আটক করা হয়েছে এবং দ্রুত তাকে আদালতে পাঠানো হবে।"
এদিকে, সিফাতের ফেসবুক আইডি থেকে অস্ত্র হাতে ছবি প্রকাশ হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও কৌতূহল তৈরি হলেও পুলিশি জিজ্ঞাসাবাদে সিফাত এ বিষয়ে দায় স্বীকার করেনি। সে দাবি করেছে, ‘ছবিটি পুরনো এবং তার সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই’।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সিফাত এলাকার যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে এবং প্রভাব খাটিয়ে পার পেয়ে আসছিল। তারা পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিফাতের বিরুদ্ধে থাকা অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তদন্ত করা হবে এবং মাদকবিরোধী অভিযানে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।