নিজস্ব প্রতিবেদক ।।
“তোমরা ভালো কাজ করে যাও, এর প্রতিদান অবশ্যই একদিন পাবে। প্রতিদিন একটি করে ভালো কাজ করার অভ্যাস গড়ে তোলো”— বলেছেন কিংবদন্তি অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে 'তারুণ্যের উচ্ছ্বাসে মানবতার উৎসব" স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)-এর আয়োজনে ইয়ুথ ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আহমেদ শরীফ বলেন, “মেহেরপুর আমার স্মৃতি বিজড়িত জেলা। আমি এখানে অনেক সময় কাটিয়েছি। মেহেরপুরের সাবিত্রী ও রসকদম্ব মিষ্টির স্বাদ এখনও আমার মনে লেগে আছে।”
তিনি আরও বলেন, “সুস্থ সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবীরা সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে এসে এ ধরনের সংগঠনগুলোকে সহযোগিতা করা উচিত।”
স্বপ্নগড়ি হ্যান্ডক্রাফট নিবেদিত ইয়ুথ ফেস্টিভ্যাল ও কাম ফর হিউম্যানিটির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন। সঞ্চালনায় ছিলেন অনিক হাসান ও তানজিমা তাসমীম হক মোহনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু,
মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল,
সদর উপজেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজি আবুল মনসুর,
সংগঠনের উপদেষ্টা শফিউর রহমান টমা,
প্রত্যয় যুব সংঘ কুষ্টিয়ার সভাপতি এসএম সুমন।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সৌরভ হোসেন, সিএফএইচের কাউন্সিল অফ সিনিয়র মেম্বার পরিষদের উপদেষ্টা তামিম ইসলাম, এবং গ্রীন পিপল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো: তোহা বিন আছাদ দ্বীপ।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা কায়েস মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেরা সংগঠন সম্মাননা পান জন্মভূমি মেহেরপুর মানব কল্যাণ সংস্থা,
ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন,
বামুন্দী মানব উন্নয়ন ফাউন্ডেশন।
রক্তযোদ্ধা সম্মাননা পান অন্তরা পারভীন,
মিয়াজান আলী,
কল্লোল পাত্র।
এছাড়াও সিএফএইচে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়— সবুজ আহমেদ খান,
মো: তুহিন, রাইহান রাফি,
বৃষ্টি মুন্সি,
সাব্বির আহমেদ নাহিদ,
হাসানুজ্জামান,
সাইদ হোসেন বিশ্বাস ও
কায়েস মাহমুদকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাসরত আহমেদ শরীফ সম্প্রতি কুষ্টিয়ার পৈতৃক ভিটায় ফিরে এসেছেন।
গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ও প্রদর্শনী অনুষ্ঠানে কাম ফর হিউম্যানিটির গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ও গ্রিন স্কুল ক্লিন স্কুল প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের সকল সদস্যকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত হয় রিসাইকেলিং উদ্ভাবনী প্রদর্শনী। প্রকল্পের আওতায় ৯০ দিনের চ্যালেঞ্জে বৃক্ষবন্ধু সম্মাননা প্রদান করা হয়— কবি নজরুল শিক্ষা মঞ্জিল, হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রজন্ম সংগঠনকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন— সংগঠন ও শিক্ষক আব্দুল আলিম,
এসএস আইটি বাংলাদেশের সিইও শাফিন সজল,
সংগঠনের সাবেক সমন্বয়ক (সার্বিক) সবুজ আহমেদ খান।
এছাড়া রেড ক্রিসেন্ট, স্কাউট, ভিবিডিসহ অংশগ্রহণকারী জেলার ১৮টি সংগঠনের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
পরে, জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ও সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি ও ইয়ুথ ফেস্টিভ্যালের সমাপনী হয়।