ময়মনসিংহের ধোবাউড়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি ও জমা খারিজের আবেদন করায় এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা পরিচালিত মোবাইল কোর্ট এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ সহর আলী (৪৬), পিতা আব্দুল হুসেন, সাং—দর্শা, ধোবাউড়া। আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, সহর আলী জাল দলিল তৈরি করে নামজারি ও জমা খারিজের আবেদন করেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তদন্তে জালিয়াতির প্রমাণ মেলে।
জবানবন্দিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জানান, এ কাজে তাকে সহযোগিতা করেছেন সাইফুল ইসলাম, পিতা জাহের উদ্দিন, সাং—ধোবাউড়া, ময়মনসিংহ। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, “জমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। আইন অনুযায়ী এমন অপরাধের শাস্তি ভবিষ্যতে অন্যদের জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে।