সুমন আহমদ খান।।
সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “ঢাকা–সিলেট মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”
তিনি অভিযোগ করে বলেন, “বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে কোনো উন্নতি নেই। সিভিল সার্ভিস, সামরিক বাহিনী কিংবা জাতীয় রাজনীতির কোথাও সিলেটবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই। কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করে রাখা হয়েছে। সরকারের উপদেষ্টামণ্ডলীতেও সিলেটের কেউ নেই ফলে পুরো বিভাগ এক ধরনের শূন্যতার মধ্যে পড়ে আছে। যোগাযোগ ব্যবস্থায় এই বঞ্চনা আর সহ্য করা হবে না।”
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেটবাসীর গণঅবস্থান ও মানববন্ধন” কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে সিলেট জেলা বিএনপি।
কাইয়ুম চৌধুরী বলেন, বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনে সিলেটবাসী দৃশ্যমান কোনো উন্নয়ন পায়নি। শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, সড়ক-রেল যোগাযোগ কিংবা বিমানবন্দর সবক্ষেত্রেই সিলেটকে পরিকল্পিতভাবে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। বিএনপি সরকারের সময় যে সামান্য উন্নয়ন হয়েছিল, আওয়ামী লীগ আমলে তা সম্পূর্ণ থমকে গেছে।
তিনি আরও বলেন, “সিলেটেই গ্যাস উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস সংকটে ভোগে। রেলপথে ট্রেন সময়মতো আসে না, কোচগুলো জরাজীর্ণ; বিমানের ভাড়াও অস্বাভাবিক। তিন পথেই আমরা বৈষম্যের শিকার। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সিলেটবাসী আর কোনো বঞ্চনা সহ্য করবে না। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত জনগণের মৌলিক অধিকার।”
ঢাকা–সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার ও গুণগত মান নিশ্চিত করা, অতীত প্রকল্পে দুর্নীতির তদন্ত ও দায়ীদের শাস্তি, দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বিকল্প ট্রাফিক ব্যবস্থার দাবি জানানো হয় কর্মসূচিতে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে কাইয়ুম চৌধুরী বলেন, “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।”
গণঅবস্থানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজমুল হোসেন পুতুল, অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ডা. এনামুল হক, অধ্যাপক জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বদরুল ইসলাম জয়দু, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আব্দুল কাদির সমছু, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।