জিয়াউল হক।।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার গ্রাম-গঞ্জে দ্রুত ছড়িয়ে পড়ছে মোবাইলভিত্তিক জুয়ার আসর। স্থানীয় চায়ের দোকান, আড্ডাখানা এমনকি ছোট বাজারের কোণেও দেখা মিলছে কিশোর-যুবক থেকে শুরু করে মধ্যবয়সী ও বৃদ্ধ পর্যন্ত অনেকেই মোবাইল স্ক্রিনে চোখ গেঁথে অনলাইনে বেটিং বা গেমিংয়ের মাধ্যমে টাকা হারানোর খেলায় মত্ত।
স্থানীয়দের অভিযোগ, সহজে টাকা লেনদেনের সুযোগ, ইন্টারনেট ও বিভিন্ন বেটিং অ্যাপের প্রলোভন—এ তিনটি বিষয় যুবসমাজকে দ্রুত এই পথে ঠেলে দিচ্ছে। অল্প সময়ের মধ্যেই মোবাইলের মাধ্যমে বিকাশ, নগদ বা রকেট ব্যবহার করে শত শত টাকা হাতবদল হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, মোবাইল জুয়ার এই প্রবণতা সমাজে বহুমুখী ক্ষতি ডেকে আনছে।
অনেক পরিবারে সংসারের প্রয়োজনীয় অর্থ নষ্ট হয়ে যাচ্ছে জুয়ার পেছনে।
নৈতিক অবক্ষয়ের কারণে ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে।
টাকা জোগাড়ের জন্য চুরি, ছিনতাই বা প্রতারণার মতো অপরাধের আশঙ্কা বাড়ছে।
ছাগলনাইয়ার একজন মাদরাসা শিক্ষক বলেন, “এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সামাজিক অবক্ষয়ের বড় কারণ। আজই প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে।”
স্থানীয়রা মনে করেন, এই প্রবণতা ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
তারা আরো জানান,
অনলাইন জুয়ার অ্যাপ ও সাইট বন্ধে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ।
চায়ের দোকানসহ জুয়ার আড্ডায় নিয়মিত অভিযান পরিচালনা।
শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক সমাবেশে সচেতনতা বৃদ্ধি।
মোবাইল জুয়ার অভিযোগ জানানোর জন্য হটলাইন চালু।
সচেতন নাগরিকদের মতে, পরিবারিক পর্যায়ে সন্তানদের স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে জুয়া বিরোধী কমিটি গঠন এবং বিকল্প বিনোদন ও খেলাধুলার আয়োজনই পারে এই সমস্যার স্থায়ী সমাধান দিতে।
তারা আরো জানান,
ছাগলনাইয়ায় মোবাইল জুয়ার বিস্তার যদি এখনই রোধ করা না যায়, তবে এটি শুধু ব্যক্তিগত জীবন নয়, গোটা সমাজের জন্য ভয়াবহ সংকট ডেকে আনবে। তাই প্রশাসন, পরিবার ও সমাজ সকলের সম্মিলিত উদ্যোগই সময়ের দাবি।