গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কানুনগো মাসউদ আলম হাওলাদারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে একটি মিস কেস পরিচালনার সময় তিনি বাদীর কাছ থেকে অর্থ দাবি ও গ্রহণ করেছেন।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৭ আগস্ট) দুপুরে। মিস কেস নং–৪৬৮/২৪-২৫-এর বাদী মিনারা বেগম সংবাদকর্মীদের কাছে ঘুষ দেয়ার বিষয়টি প্রকাশ করেন।
অনুসন্ধানে জানা যায়, বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া মৌজায় আরএস খতিয়ান নং–৩০৫, দাগ নং–৪২০ ও ৪২১—মোট ৯৩ শতক জমির এক আনা অংশের রেকর্ডভুক্ত মালিক মিনারা বেগম।
মিনারা বেগম জানান, ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ার পর তিনি অসহায় অবস্থায় বড় হন। বর্তমানে তার স্বামী অসুস্থ হয়ে একাধিক অস্ত্রোপচারের কারণে কর্মক্ষম নন। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি নিয়ে মিস কেস করার সময় ভূমি অফিসের এক কর্মচারী তাকে কানুনগো মাসউদ আলম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
তিনি অভিযোগ করে বলেন—“আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে মাসউদ আলম আমাকে বলেন, কাজ করতে হলে অনেক টাকা লাগবে। তিনি ৬০ হাজার টাকা দাবি করেন। আমি কান্নাকাটি করি এবং বাধ্য হয়ে ঋণ নিয়ে একাধিকবারে মোট ১০ হাজার টাকা দিই।”
অভিযোগ অনুযায়ী, ঘুষ নেয়ার পর প্রতিটি হাজিরার দিনে তিনি কানুনগোর সঙ্গে যোগাযোগ রাখলেও চূড়ান্ত রায়ের দিনে তাকে ভূমি অফিসের পাশে একটি কক্ষে বসিয়ে রাখা হয়। পরে তাকে গরহাজির দেখিয়ে কোম্পানির পক্ষে রায় প্রদান করা হয়।
অভিযোগ অস্বীকার করে কানুনগো মাসউদ আলম হাওলাদার বলেন—“আমি বাদীর পক্ষেই রিপোর্ট দিয়েছি। আমার রিপোর্টে উল্লেখ আছে, উনি তার প্রাপ্য জমি বিক্রি করেননি। আমি কখনো টাকা চাইনি, নেয়াও সত্য নয়।”
এদিকে রায়প্রাপ্ত জেএমআই কোম্পানির ভূমি প্রকৌশলী হাসান সাংবাদিকদের জানান—
“বিষয়টি আদালতের, আদালতেই আমরা জবাব দিয়ে থাকি। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে চাই না।”
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম বলেন—“ঘুষ নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভূমি নিয়ে নানা জটিলতা ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। তবে একজন অসহায় নারী তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হয়েও যদি ঘুষের শিকার হন, তবে তা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ও উদ্বেগজনক বিষয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে।
মন্তব্য করুন