মোঃনাছির উদ্দীন।।
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজার দক্ষিণ পাশে হাবিবুর রহমান দপ্তরীর বাড়িতে অজ্ঞান পার্টির হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুরসহ তার পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও মেয়ে শান্তা (২৪) হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সুযোগে দুর্বৃত্তরা বাড়ির আলমারিতে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রতিবেশী তরিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে এসে দেখি সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘর তছনছ করে সবকিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা।”
হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, “এলাকায় প্রায়ই অজ্ঞান পার্টি ও চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের আরও কঠোর নজরদারি জরুরি।”
এ বিষয়ে কেশবপুর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিলন বলেন, “এলাকায় যেভাবে চুরি ও অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেছে, প্রশাসন যদি তীক্ষ্ণ নজরদারি না করে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।”
এদিকে এলাকাবাসী ঘটনাটি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন