এইচ,এম,আল আমিন ভূঁইয়া।।
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মহরম হোসেন (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে ৮টার দিকে কাটাবিল মসজিদের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত মহরম নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা, পিতা মৃত চারু মিয়া।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহরম ও তার বন্ধু অপু মোটরসাইকেলে করে পাথুরিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন।
এ সময় ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের গতিরোধ করে।
অপুকে টেনে নামানো হয়, আর মহরমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়।
পরে পাশের একটি দোকানে নিয়ে গিয়ে আরও হামলা চালানো হয়।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান—
“নিহত মহরমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন—
“ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।”
এ ঘটনায় কাটাবিল এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ টহল জোরদার করেছে, এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।
নিহতের পরিবার বিচারের দাবি জানিয়েছে, এবং এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন