আব্দুল আলিম।।
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাং এলাকায় অবৈধভাবে নির্মিত ‘সোতি’ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জলাশয় দখল করে বাঁশ ও কচুরিপানা ব্যবহার করে বাঁধ তৈরি করেছিলেন। এতে চলনবিল অঞ্চলের প্রাকৃতিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে জেলে ও কৃষকরা মাছ ধরা এবং কৃষিকাজে মারাত্মক সমস্যায় পড়ছিলেন।
প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব বাঁধ পানিপ্রবাহের প্রতিবন্ধকতা তৈরি করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে সোতি বাঁধ নির্মাণের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলনবিল এলাকায় পানিপ্রবাহ স্বাভাবিক রাখা ও স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।