হাবিবুর রহমান সুমন

মাদারীপুরের কালকিনিতে দ্রুতগতির একটি সার্বিক বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর ) সন্ধ্যায় শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে এবং রমজানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তার বন্ধু রবিন মোল্লাকে নিয়ে মোটরসাইকেলে কালকিনি সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি সার্বিক বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার জানান, চিপা সড়কে বেপরোয়া বাস চলাচলই এ মৃত্যুর জন্য দায়ী। বাস চলাচল বন্ধ ও চালকের শাস্তির দাবি জানান তারা।

ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।