মোহাম্মদ আলী মাস্টার।।
জেলার সরাইল উপজেলার সরাইল থেকে চুন্টা, অরুয়াইল, পাকশিমুল ইউনিয়নে যোগাযোগের একমাত্র রাস্তাটির করুন আর বেহাল দশা চোখে পড়ার মত। ১৩ কিলোমিটার রাস্তাটি নানা অবহেলা, অনীহা এবং কর্তৃপক্ষের যথাসময়ে পদক্ষেপ গ্রহণ না করার কারণে আজ রাস্তার বেশির ভাগ অংশই খানা খন্দে বিভক্ত। যেকোনো সময় খাদে পড়ে নিমিষেই চলে যেতে পারে তাজা প্রাণ। ভেঙে চুরমার হয়ে যেতে পারে গরীবের জীবন জীবিকার জন্য কষ্টে ক্রয় করা যানবাহন। রাতদিন হাজারোধিক টেক্সি, রিকশা, ভ্যান গাড়ী, যাত্রীসহ জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এ রাস্তায়। প্রতিটি যানবাহন যেন কচ্ছপের মতো থেমে থেমে যেতে হয় গন্তব্যেস্থলে। সামান্য বৃষ্টিতে যাত্রীদের মধ্যে দেখা ভয় নামক ভীতির আতংক।
সরাইল থেকে রসুলপুর করাত কান্দি ০৫ কিলোমিটার, করাত কান্দি থেকে ভুইশ্বর ০৫ কিলোমিটার, ভুইশ্বর থেকে অরুয়াইল, পাকশিমুল ০৩ কিলোমিটার। গ্যাপে-গ্যাপে রাস্তা কিছুটা মসৃণ থাকলেও সারা অংগই যেন রোগাক্রান্ত। এই ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে ভুইশ্বর থেকে অরুয়াইল, পাকশিমুল ০৩ কিলোমিটার এবং রসুলপুর থেকে করাতকান্দি০২ কিলোমিটার মোট ০৫ কিলোমিটার রাস্তার মান কিছুটা ভাল হলেও বাকি ০৮ কিলোমিটার রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ। লোপাড়া সেতু এবং ব্রাহ্মণগাও কালীশিমুল সংযোগ সেতুর নিচ দিয়ে দুর্বার গতিতে পানি প্রবাহিত হওয়ায় সেতুগুলোর গোড়ার দিক মাটি শুন্য হয়ে ঝুঁকিতে পড়ে আছে, যদিও মাঝে মধ্যে স্বল্প মাটি দিয়ে রক্ষার চেষ্টা করা হচ্ছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে সিদ্ধেশ্বরী, গুনারা, বিশুতারা, রসুলপুর, নরসিংপুর, বড়বল্লাহ, পানিশ্বর, নোয়াহাটি ,চুন্টা, লোপাড়া, ভুইশ্বর, হরিপুর,পরমানন্দপুর, ষাট বাড়িয়া, বড়ইছড়া, ফতেপুর, ব্রাহ্মণ গাও, কালিশিমুল, পাকশিমুল, জয়ধরকান্দি, তেলিকান্দি, অরুয়াইল, রানীদিয়া ,কাকরিয়া, রাজাপুর, দুবাজাইল, ধামাউড়া, বারপাইকা, নাসিরনগরের বড়নগর, গুজিয়াখাইল, দানতুলিয়া, কচুয়া, চাতলপাড়, রতনপুর, এছাড়াও অষ্টগ্রাম ও বাজিতপুর উপজেলার কিছু অংশের লক্ষাধিক ব্যবসায়ী, শ্রমিক, দৈনন্দিন খেটে খাওয়া মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কৃষক, মজুর, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের নিয়মিত চলাচলের এই রাস্তাটি তাদের দুঃখের সাথী।
এক চাকুরিজীবি আক্তার মাস্টার বলেন,আমাকে সরাইল গিয়ে চাকুরী করতে হয়, মেঘ বৃষ্টির দিনে বাধ্য হয়ে আমাকে ছুটি নিতে হয়, আমার ছুটিগুলো এভাবেই শেষ হয়ে যায়। আরেক বয়স্ক চাকুরীজীবি মোঃ আশরাফ জানায়, খানা খন্দে গর্তে ভরা অসমান রাস্তায় ঝাকিতে কমড় ভাঙার ভয়ে প্রায় সময়ই হেটে হেটে চলে যায় গন্তব্যে। এক অভিভাবক মিয়া হোসেন জানান, লোপাড়া এবং ব্রাহ্মণগাও সংযোগ সেতুর উপর দিয়ে আমাদের ছেলে মেয়েদের স্কুল, কলেজে পাঠাতে সাহস পাইনা, না জানি, কখন সেতুগুলো ভেঙে পড়ে। এবিষয়ে পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার হোসেনের সংঙে কথা বললে তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলেন, এটা আমাদের সারাজীবনের দূর্ভাগ্য এবং বিষম বেদনাদায়ক কষ্টের বিষয়। কর্তৃপক্ষ যখনই রাস্তা মেরামতের প্রাক্ষলন তৈরি করেন তখন রাস্তাটিকে তিনভাগ করে নেয় তারপর ১ম অংশের কাজ শেষ করে ২য় অংশের কাজ অর্ধেক শেষ হতে না হতেই প্রথম অংশের রাস্তা ভেঙে যেতে শুরু করে, কাজ সম্পন্ন হতে না হতেই আবার পূর্বের আকার ধারণ করে, নির্মাণ তদারকি বিভাগের গাফিলতি আর অবহেলায় ঠিকাদাররা দেড় ইঞ্চি ঢালাইয়ের জায়গায় অর্ধ ইঞ্চি ঢালাই দেয় এগুলো তাদের চোখে পড়ে না। বিলম্ব হলেও ভাগে ভাগে কাজ না করে সুষ্ঠু, নিরপেক্ষতদন্ত, নিয়মিত সুপারভিশন করে প্রাক্ষলন মোতাবেক নির্মাণ কোম্পানিগুলোকে একত্রে কাজ করার ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম দুঃখ করে বলেন, অরুয়াইল পাকশিমুল ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বপ্রান্তে হাওরাঞ্চলে অবস্থিত একটি ভাটি অঞ্চল অবহেলিত জনগোষ্ঠী যেখানে প্রশাসনের দৃষ্টিতে পড়েনা,অপরদিকে প্রশাসনের খেয়ালিপনা, অবহেলা আর যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করার কারণে রাস্তার দু-পাশ সরু হয়ে যাচ্ছে, যা দেখার কেউ নেই। দীর্ঘ অভিজ্ঞতায় তিনি আরও বলেন, রাস্তাটিকে স্থায়িত্বশীল করতে এল জি এ ডির পরিবর্তে পানি উন্নয়ন বোর্ড অথবা সড়ক উন্নয়ন বোর্ডকে দিয়ে রাস্তার কাজটি সম্পন্ন করা হলে রাস্তাটি ঠিকসই হতো বলে তিনি মনে করেন।
এবিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আনিছুর রহমান এর সাথে কথা বললে তিনি ইনকিলাবকে জানান, ইতিমধ্যে ০২ কিলোমিটার কাজের অনুমোদন পাওয়া গেছে বাকি কাজটুকু সমাপ্তের জন্য নতুন করে প্রকল্প দাখিল করা হয়েছে। জনগণের দুর্ভোগ স্বল্প সময়ের মধ্যে নিরসন ঘটবে বলে আশা করছি ।
মন্তব্য করুন