মোঃ তৌহিদুর রহমান।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মানুষের সাথে মিলেমিশে বিচরন করছে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। শনিবার দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট এলাকার আব্দুর রহমানের (৫৫) চায়ের দোকানে টেবিলের উপরে দেখা মেলে ওই দলছুট হনুমানটির। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল, এ যেন কোন সভায় বক্তব্য রাখছে হনুমানটি। আর সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনছে।
স্থানীয়রা ও বন বিভাগের ধারনা, হনুমানটি খাদ্যের অভাবে যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে দলছুট হয়ে ফলবাহি ট্রাকে এ অঞ্চলে আসতে পারে। অনেকেই নিশ্চিত করে জানান, যশোর থেকে ছেড়ে আসা কলাবাহি ট্রাকে উঠে হনুমানটি দৌলতদিয়া ঘাটে চলে এসেছে। হনুমানটিকে দেখার জন্য শিশু, নারী, পুরুষসহ দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা ভিড় করছেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বিকাশ-ফ্লেক্সিলোড দোকানী মো. জোয়ায়ের হোসেন (৪৫) হনুমানটি তার পাশের চায়ের দোকানে অনেক সময় বসে থাকার কথা বলে জানান, বেশ কিছুদিন ধরে হনুমানটি দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে। প্রথমদিকে হনুমানটিকে কখনো উঁচু গাছের মগডাল ও নির্জনস্থানে বসতে দেখা যেত। এ এলাকায় আসার কিছুদিন পর থেকে হনুমানটি মানুষের কাছাকাছি আসতে শুরু করে। এখন বিভিন্ন দোকান পার্টে মানুষের পাশাপাশি বসে থাকছে। লোকজন হনুমানটিকে কলাসহ বিভিন্ন খাবার দিলে সেগুলোও খাচ্ছে। কারো ওপর কোন আক্রমণ করেছে বলেও শোনা যায়নি।
চায়ের দোকানী আব্দুর রহমান জানান, হনুমানটি বর্তমানে বেশীর ভাগ সময় আমার দোকনে বসে থাকে। স্থানীয়রা ছাড়াও যাতায়াতকারী যাত্রীরা হনুমানটিকে কলা-পাউরুটি খাবার কিনে দেয়। অনেকেই কাছে গিয়ে ছবি তোলে।
গোয়ালন্দ উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে কেশবপুর এলাকা থেকে কলাবাহি ট্রাকে করে হনুমানটি আসতে পারে। তবে এগুলো সুযোগ পেলে আবার সেখানে চলেও যাবে। হনুমান খুবই নিরীহ প্রকৃতির প্রাণি। মানুষকে আক্রমণ করার আশঙ্কা নেই। তবে এদের বিরক্ত করা উচিত নয়।
তিনি আরও বলেন, এক সময় খুলনা-যশোর অঞ্চলে প্রচুর কালোমুখো (মুখ কালো) বড় প্রজাতির হনুমান দেখা যেত। এখন শুধুমাত্র যশোর জেলার কেশবপুরে সামান্য কিছু হনুমান আছে। তাও খাদ্যাভাবে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এবং মারাও যাচ্ছে।
মন্তব্য করুন