রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সরকারি রাস্তার পাশ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের চারটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম মাসুম শেখ (৪৫)। তিনি বালিয়াকান্দি উপজেলা শহরের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে গাছগুলো কেটে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজের বাড়িতে মজুত রাখেন মাসুম শেখ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পানি প্রবাহের জন্য রয়েছে একটি সরকারি খাল। খাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের মাঝখানে মাটির একটি সড়ক রয়েছে, যা দিয়ে এলাকাবাসী চলাচল করে। সড়কের উত্তর পাশে বেড়ে উঠেছে মেহগনি, নারকেল, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ। এরমধ্য থেকে চারটি বড় মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. ওহিদুজ্জামান, রুহুল আমিন ও মো. মাসুদুর রহমানসহ অনেকে অভিযোগ করে বলেন,
“এই রাস্তার এক পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরেক পাশে সরকারি খাল। এখান থেকেই প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সম্পত্তি এভাবে কেউ কাটতে পারে না। আমরা প্রশাসনকে জানিয়েছি। তদন্ত হয়েছে। আমাদের দাবি—অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
অভিযুক্ত মাসুম শেখের ভাই মামুন শেখ সাংবাদিকদের বলেন, “এই জমি আমরা ইউনিয়ন পরিষদ থেকে লিজ নিয়েছিলাম গাছ লাগানোর জন্য। সেই জায়গাতেই গাছ লাগিয়েছিলাম। তাই আমরা গাছ কেটে আমাদের বাড়িতে রেখেছি। উপজেলা ভূমি কর্মকর্তা আমাদের ডেকেছেন, সেখানেই বসে সমাধান হবে।”
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়ার পর এসিল্যান্ডকে পাঠানো হয়। তারা প্রাথমিকভাবে জানিয়েছেন—২০১২ সালে ইউনিয়ন পরিষদ থেকে জমি লিজ নেওয়া হয়েছিল। সেখানে একটি চুক্তিও করা হয়েছিল, যাতে গাছের ৬০ ভাগ ইউনিয়ন পরিষদের এবং ৪০ ভাগ লিজগ্রহীতার হবে। আমরা তাদের কাগজপত্র আনতে বলেছি। এখন তদন্ত চলছে। ইউনিয়ন পরিষদ আদৌ এভাবে লিজ দিতে পারে কি না, লিজের বৈধতা কতটুকু—সব বিষয় যাচাই-বাছাই করে দেখা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, সরকারি রাস্তার পাশের গাছ সাধারণ মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। যদি এসব গাছ লিজ দিয়ে থাকে, তবে তা কতটুকু আইনসঙ্গত—তা খতিয়ে দেখা জরুরি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন