রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আসজাদ হোসেন আরজুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রাজবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) সন্ধ্যার পর রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ২০২৪ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর ব্যানারে চলমান একটি প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসেনসহ অনেকে।
এ ঘটনায় জিসান হোসাইন খান (২১), খানখানাপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকার বাসিন্দা, রাজবাড়ী সদর থানায় ১৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর এফআইআর-১, তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৪; সংশ্লিষ্ট ধারাসমূহ: দণ্ডবিধি ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারা।
মন্তব্য করুন