মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকা থেকে তুষার (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত তুষার কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার পুলিশ পরিচয়ে সোনাপুর মোড় এলাকায় ঘোরাফেরা করছিল। তার গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা ধাওয়া দিলে সে কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেয়। পরে সেনাবাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, “ভুয়া পুলিশের খবর পেয়ে সেনাবাহিনী তাকে আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
মন্তব্য করুন